স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের স্বাস্থ্যখাত নিজেই রুগ্ন হয়ে পড়েছিল। মেডিকেল যন্ত্রপাতি ক্রয়ের নামে লুটপাট ও দুর্নীতি হয়েছে। কমিশন বাণিজ্যের উদ্দেশ্যে বিভিন্ন যন্ত্রপাতি আমদানি করে দিনের পর দিন ফেলে রাখা হয়েছে। জাতীয়তাবাদী দল করার কারণে অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পদায়ন হয়নি। এমনকি অনেক চিকিৎসককে ওএসডি করা হয়েছিল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজনে নরসিংদী সদর হাসপাতালের মা ও শিশু বিভাগের হল রুমে 'জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে চিকিৎসক মতবিনিময় সভা'য় প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন এমপি এসব কথা বলেন ।
তিনি বলেন, লুটপাট, দুর্নীতি ও দলীয়করণই ছিল তাদের মূল উদ্দেশ্য। তারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। বর্তমানে জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান চান, দেশের কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যান। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইতোমধ্যে তিনি নানা কর্মসূচি হাতে নিয়েছেন।
এ সময় খায়রুল কবির খোকন এমপি নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক সংকট নিরসনে শূন্য পদগুলোতে দ্রুত পদায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগীয় মন্ত্রীসহ প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে শূন্য পদগুলো পূরণের ব্যবস্থা করা হবে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম এস এস হাসান আল জামী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. নূরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. বুলবুল কবীর, জেলা ড্যাবের সহ-সভাপতি ডা. এ কিউ এম মোবিন, ডা. আব্দুল্লাহ আল মাসুদসহ চিকিৎসক ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।