স্টাফ রিপোর্টার : নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ ইউপির মর্যাদা অর্জন করেছেন। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা বিভাগ নরসিংদী সদর উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে চিনিশপুর ইউপিকে এ মর্যাদা প্রদান করেন।
গত ১১ জুলাই ছিল বিশ্ব জনসংখা দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ঘোষণা করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর। চিনিশপুর ইউনিয়ন পরিষদ গতবছরও এই গৌরব অর্জন করেছিল। সাফল্যের এই ধারাবাহিকতায় চলতি বছর তা অক্ষুন্ন রেখেছে।
চিনিশপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ইউনিয়নের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। নাগরিক সেবার দ্বার করা হয় উন্মুক্ত। চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন নিজের চেয়ারটির পবিত্রতা রক্ষায় সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প, মাতৃত্বকালীন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদসহ পরিষদের বিভিন্ন নাগরিক সেবা সমূহ স্বচ্ছতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন।
চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন প্রতি সপ্তাহে ন্যায় নিষ্ঠার সাথে গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে ইউনিয়নবাসীর কাছে নিজেকে একজন ন্যায় বিচারক প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তিনিও দক্ষতা ও যোগ্যতার সাথে পরিষদ পরিচালনা করার ফলশ্রুতিতে পরপর দুইবার চিনিশপুর ইউনিয়ন পরিষদ উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ ইউনিয়নের গৌরব অর্জন করতে সমর্থ হয়।