স্টাফ রিপোর্টার : নরসিংদীর পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহতের পাশাপাশি কামড় দিয়ে কানে যখমের অভিযোগ উঠেছে মহিউদ্দিন চিশতিয়া নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে । এঘটনায় মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া সহ ১১ জনের বিরুদ্ধে পলাশ থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা দায়ের করেছে ভুক্তভোগী ব্যবসায়ী।
এরআগে সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন । আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জে ফিরোজ আলীর ছেলে। তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং কানে চারটি সেলাইসহ শরীরের বেশ কিছু স্থানে নিলা-ফুলা যখম রয়েছে।
ভুক্তভোগী সাখাওয়াত হোসেন জানান, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের অভ্যন্তরে টিকে গ্রুপের নির্মানাধীন একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজে সেখানে শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন স্থাপন করি। বিকেলে ড্রেজার মেশিনের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে ৪ জন লোক মোটরসাইকেল দিয়ে এসে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়ি নিয়ে যায়। সেখানে দীর্ঘ ১ ঘন্টা আটকে রেখে মহিউদ্দিনসহ আরো ৬ থেকে ৭ জন লোক কিল-ঘুষি ও চড়থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে ওই বিএনপি নেতা কেন তাকে না জানিয়ে সেখানে ড্রেজার মেশিন বসালাম তা বলেই কানের মধ্যে কামড় দিয়ে রক্তাক্ত করে। পরে তারা দ্রুত সময়ের মধ্যে ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসা নেই।
ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া বলেন, ওই ব্যবসায়ীকে কে বা কারা তুলে এনে মারধোর করেছে বা চাঁদা চেয়েছে এটা আমার জানা নেই। আমি সামনে পৌর নির্বাচন করবো, যার কারণে আমার বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে এবং ফাঁসানোর চেষ্টা করছে। তারা আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুকনা কেন তদন্তে সত্য ঘটনা উদঘাটিত হবে। তখনই বুঝা যাবে কে আসলে প্রকৃত অপরাধী।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল-মামুন জানান, এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে অপহরণ ও চাঁদাবাজির মামলা করেছেন ব্যবসায়ী। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।