• নরসিংদী
  • শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ;   ০৭ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শেষ সময়ে উৎসবমুখর শিবপুরের শিল্প ও পণ্যমেলা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৯ পিএম
শেষ সময়ে উৎসবমুখর শিবপুরের শিল্প ও পণ্যমেলা

মো. শাহাদাৎ হোসেন রাজু : নরসিংদীর শিবপুরে শেষবেলার উচ্ছ্বাস আর দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা-২০২৬। মেলার পর্দা নামতে আর মাত্র কয়েক দিন বাকি, তাই কেনাকাটা আর বিনোদনের টানে প্রতিদিনই বাড়ছে মানুষের ঢল। বিকেল গড়াতেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে মেলাপ্রাঙ্গণ, সন্ধ্যার পর বাড়ছে ভিড় আরও। শিশু-কিশোরদের উচ্ছ্বাস, পরিবারের সদস্যদের কেনাকাটা আর রাইডগুলো ঘিরে আনন্দ-উল্লাসে পুরো মেলাজুড়েই বিরাজ করছে উৎসবের আমেজ। শুক্রবার (৯ অক্টোবর) সরেজমিনে মেলা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

উপজেলার শিবপুর পলিটেকনিক কলেজসংলগ্ন মাঠে জেলার সামাজিক সংগঠন ‘আমরা নরসিংদীবাসী’র আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় দেশি-বিদেশি নানা পণ্যের সমাহার ঘটেছে। মেলার ৬৬টি স্টলে কুকারিজ, ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য, জুয়েলারি, বস্ত্রসামগ্রী, কসমেটিকস ও শিশুদের খেলনাসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এতে দেশের বিভিন্ন নামীদামি কোম্পানিও তাদের পণ্য নিয়ে অংশ নিয়েছে।

মেলা ঘুরে দেখা যায়, শেষ সময়ে কেনাকাটা ও বিনোদনের উদ্দেশ্যে নারী-পুরুষ, শিশু-কিশোর এবং তরুণ-তরুণীদের উপস্থিতি বেড়েছে। দর্শনার্থীরা এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে পছন্দের পণ্য দেখছেন, দরদাম করছেন এবং প্রয়োজনীয় সামগ্রী কিনছেন। পরিবার-পরিজন নিয়ে আসা অনেকেই কেনাকাটার পাশাপাশি উপভোগ করছেন মেলার বিভিন্ন বিনোদন আয়োজন। সব মিলিয়ে মেলাপ্রাঙ্গণে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

মেলায় শিশু-কিশোরদের পাশাপাশি তরুণদের উপস্থিতিও চোখে পড়ার মতো। দর্শনার্থীদের অনেকেই মেলার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও শিবপুরে এ ধরনের মেলার আয়োজন অব্যাহত থাকবে।

শিশু-কিশোরদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে মেলার বিভিন্ন রাইড। ড্রাগন ট্রেন, নাগরদোলা, ভূতের বাড়ি, হানি সিং, সুপার চেয়ার, ম্যাজিক বোট ও ওয়াটার বোটে চড়তে ভিড় করছেন দর্শনার্থীরা। বিশেষ করে ছুটির দিন ও সন্ধ্যার পর এসব রাইড ঘিরে বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মেলার শেষ পর্যায়ে দর্শনার্থীদের এমন উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকেরা। তাঁদের প্রত্যাশা, মেলার শেষ দিন পর্যন্ত দর্শনার্থীদের এই আগ্রহ ও উপস্থিতি অব্যাহত থাকবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

‘আমরা নরসিংদীবাসী’ সংগঠনের সদস্য মো. সাইফুল ইসলাম ফারুখ বলেন, শিবপুরবাসীর চিত্তবিনোদনের সুযোগ তৈরি করতেই মাসব্যাপী এ শিল্প ও পণ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আশানুরূপ দর্শনার্থীর সমাগম ঘটেছে। শিবপুরের মানুষও আয়োজনটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

মেলার আয়োজক কমিটির দায়িত্বে থাকা মো. জালাল হোসেন বলেন, শিবপুরে মাসব্যাপী এ শিল্প ও পণ্য মেলা ব্যাপক সাড়া ফেলেছে। দর্শনার্থীদের আগ্রহ ও সাড়ার কথা বিবেচনায় নিয়ে আগামীতে আরও বৃহৎ পরিসরে মেলার আয়োজনের প্রত্যাশা রয়েছে।

গত ১১ সেপ্টেম্বর বিকেলে মেলার উদ্বোধন করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এ ধরনের শিল্প ও পণ্য মেলা শুধু বিনোদনের ক্ষেত্র নয়; বরং শিক্ষিত তরুণদের নতুন ব্যবসার ধারণা অর্জন এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি করে। শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

মেলা ঘিরে দর্শনার্থীদের বাড়তি আগ্রহ স্থানীয় কেনাকাটা ও বিনোদনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। শেষ সময়ে এসে মানুষের উপচে পড়া ভিড়ে শিবপুরের শিল্প ও পণ্য মেলাপ্রাঙ্গণ পরিণত হয়েছে এক উৎসবমুখর মিলনমেলায়।

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ