স্টাফ রিপোর্টার : 'জয় বাংলা' স্লোগান দিয়ে নরসিংদীর রায়পুরায় হঠাৎ ঝটিকা মিছিল বের করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার মর্জাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঝটিকা মিছিলটি বের করা হয়।
দুপুরে উপজেলার মরজাল পেট্রোল পাম্প এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপরে এই মিছিলটি বের করে ছাত্রলীগের নেতা কর্মীরা। ব্যানার ছাড়া ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে মিছিলরত অবস্থা দেখেই মনে হবে কোনরকম পূর্ব প্রস্তুতি ছাড়াই বের করে তারা।
মরজাল বাসস্ট্যান্ডের অদূরে থেকে মিছিলটি শুরু হয় পেট্রোল পাম্প হয়ে ঢাকা সিলেট মহাসড়কে ধরে মিছিলকারীদের জয় বাংলা স্লোগান দিতে দিতে গাবতলীর দিকে চলে যায়।
এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই তারা সেখান থেকে চলে যায়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে। উপস্থিতি নিশ্চিত হলে তাদের গ্রেফতারে অভিযান চালানো হবে।