স্টাফ রিপোর্ট : গণপ্রজাতত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, নরসিংদী- ৪ (মনোহরদী - বেলাব) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি বলেছেন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০-১০০ শয্যায় উন্নীত করা হবে। জেনারেটর এবং ডিজিটাল এক্সে-রে মেশিন দেওয়া হবে। তিনি বলেন, আমাদের প্রধান মন্ত্রী তারেক রহমান নতুন কিছু সৃষ্টির উদ্ভাবক। আমার উপর আস্থা রেখে আমাকে মন্ত্রী দেওয়া হয়েছে। আমাকে সফল হতে হবে। আপনারা আমাকে ফুল দিয়ে সংবর্ধিত করছেন। সেটা আবেগ। আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত। স্বাস্থ্যসেবাকে আমুল পরিবর্তন করতে হবে। বিগত সরকার কুইক রেন্টাল নামে বিদ্যুৎতে দুর্নীতি করে গেছেন।সেটা সামাল দিতে আমাদের বেগ পেতে হচ্ছে। আামাদের কাজ হবে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সরকার ইতিমধ্যে ৩৯ হাজার ফ্যামিলি কার্ড দিয়েছেন। পুলিশ এখন ঝণের জন্য কৃষকের কোমরে দড়ি লাগায়না।কারণ ১০ হাজার টাকার ঝণ সুদ আসল মাফ করে দেওয়া হয়েছে। সরকার স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (২২ মার্চ) বিকেলে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুরবাসীর পক্ষ থেকে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী ৩ শিবপুর আসনের সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংবর্ধনা প্রদান উদযাপন কমিটির আহবায়ক মনজুর এলাহী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সংবর্ধনা প্রদান উদযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, নরসিংদী চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন নরসিংদী জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান ও শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি