স্টাফ রিপোর্টার : নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় সদর দলিল লেখক সমিতির সাবেক উপদেষ্টা সিনিয়র দলিল লেখক তোফাজ্জল হোসেন মোক্তারের মৃত্যূ হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে নরসিংদীর মদনগঞ্জ সড়কের ৫ নম্বর ব্রিজ এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।)
দুর্ঘটনার পর পর স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক সন্ধ্যা ৬টায় উনাকে মৃত ঘোষণা করে।
মৃত্যুকালে মরহুম তোফাজ্জল হোসেন মোক্তারের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ আত্মীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন মোক্তার মঙ্গলবার বিকেলে নরসিংদীর ঘোড়াদিয়া বনবিভাগ এলাকার বাসা থেকে গ্রামের বাড়ি সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের বথুয়াদি গ্রামে বাড়িতে অটোরিকশা যোগে যাওয়ার পথে নরসিংদী মদনগঞ্জ ৫ নম্বর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় তোফাজ্জল হোসেন মোক্তার। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় রাস্তা থেকে মরহুম তোফাজ্জল হোসেন মোক্তারের মোবাইল ফোনটি কুড়িয়ে স্থানীয় তার বাসায় সড়ক দুর্ঘটনার খবর দেয়। সজনরা খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতালে ছুটে যান।
এদিকে তোফাজ্জল হোসেন মোক্তারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নরসিংদী সদর দলিল লেখক সমিতি সদস্যসহ জেলার অন্যান্য দলিল লেখকরা মরহুমকে এক নজর দেখার জন্য ঘোড়াদিয়া বন বিভাগ এলাকার বাসায় ছুটে আসেন।
রাত ১০টায় ঘোড়াদিয়া হিমাগার জামে মসজিদে মরহুমের জানাযা শেষে গাবতলী কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুম তোফাজ্জল হোসেন মোক্তার নরসিংদী থেকে প্রকাশিত নরসিংদীর খাসখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবির হোসেনের বড় ভাই।