শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামের বিধবা মিলন রাণী দাস দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর তাঁর পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। অবশেষে নতুন সংস্কার করা হয়েছে তাঁর বসতঘর। ফিরে পেয়েছেন মাথা গোঁজার নিরাপদ ঠাঁই।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিধবা মিলন রাণী দাসকে দুই বান্ডিল ঢেউটিন প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিন। পরে উদয়ন মানবিক জোটের সভাপতি বাবু চন্দন ঘোষের উদ্যোগে জোটের সদস্যদের আর্থিক সহযোগিতা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহায়তায় তাঁর জরাজীর্ণ ঘরটি নতুন করে বসবাসের উপযোগী করে তোলা হয়।
সোমবার (১০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে নব-নির্মিত ঘরটি বিধবা মিলন রাণী দাসের কাছে হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরটি হস্তান্তর করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মানিক। উদয়ন মানবিক জোটের সভাপতি বাবু চন্দন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে জোটের উপদেষ্টা বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নূরুল ইসলাম নূরচানসহ জোটের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি জরাজীর্ণ ঘরকে বসবাসের উপযোগী করে দেওয়ার উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁদের প্রত্যাশা, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।