স্টাফ রিপোর্টার : নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের খাড়াব এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা একই এলাকার ছামেদ ভূঁইয়ার (৫০) বিরুদ্ধে মনোহরদী থানায় লিখিত অভিযোগ করেছেন। সম্পর্কে ভুক্তভোগি শিশুটির চাচা হয় অভিযুক্ত সমেত ভূঁইয়া।
অভিযোগে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বাড়ির উঠানে খেলাধুলার সময় শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। সেখানে শিশুটিকে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন শিশুটির বাবা। বিষয়টি কাউকে জানালে শিশুটিকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ আগস্ট দুপুরে সে বিষয়টি তার মাকে জানায়। পরিবারের সদস্যরা শিশুটিকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর পরামর্শ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, “আমরা এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে এবং অতি শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।”
তবে পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন। অভিযুক্তের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।