স্টাফ রিপোর্টার : নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব পালিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এ সকল কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি গুলোর মধ্যে ছিল মঙ্গলদীপ প্রজ্জ্বলন, বর্ণাঢ্য আনন্দ র্যালী, ও আলোচনা সভা।
বেলা ১১ টার দিকে নরসিংদী জেলা শহরের মধ্যকান্দাপাড়ার শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও মঙ্গলদীপ প্রজ্জ্বলন করা হয়। পরে বেলা ১২ টার দিকে শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোপীনাথ জিউর আখড়ায় গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) মাখন দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান ও জেলা বিএনপির সহসভাপতি হারুন-অর রশিদ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক দীপঙ্কর সাহা রানাসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভগবান শ্রী কৃষ্ণ দুষ্টের দমনের জন্য পৃথিবীতে এসেছেন। বর্তমানে অপসংস্কৃতি ও দূষ্টদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারা ভগবান শ্রী কৃষ্ণের আদর্শ থেকে শিক্ষা নিয়ে যেনো ভালো হয়ে যায়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলে আমরা উৎসব উদযাপন করি। ভবিষ্যতেও আমাদের সম্প্রীতি বজায় থাকবে।