স্টাফ রিপোর্টার : নরসিংদীতে যথাযোগ্য দর্যাদা এবং বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
নরসিংদী মোছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। পরে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পর্যায়ক্রমে সিভিল সার্জন, মুক্তিযোদ্ধা সংসদ, নরসিংদী প্রেসক্লাব, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া সকালে নরসিংদী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন। এসময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিল।