স্টাফ রিপোর্ট : ''রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পুকুরে পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিবপুরে মৎস্য চাষের ব্যাপকতা বাড়াতে প্রান্তিক চাষিদের নানা সংকট দূরীকরণ ও সরকারিভাবে আর্থিক সহায়তার জোর দাবি জানান।
রবিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে প্রথমে “জাতীয় মৎস্য সপ্তাহ সফল হোক” স্লোগানে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা চত্বরের পুকুরে ৩০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন।
পরে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহমিদা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, সহকারী কমিশনার (ভূমি) মুহ. আবদুর রহিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ এবং শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিবপুর অঞ্চলটি মৎস্য চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার মাটি ও পানির গুণাগুণ মাছ চাষের অনুকূলে থাকায় সঠিক টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে মৎস্য খাতে বড় ধরনের বিপ্লব ঘটানো সম্ভব। তবে বর্তমান সময়ে প্রান্তিক মৎস্য চাষিরা নানামুখী সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে বাজারে মাছের খাদ্যের (ফিড) অতিরিক্ত মূল্য বৃদ্ধি, ওষুধের উচ্চমূল্য এবং উন্নত জাতের পোনার অভাবের কারণে সাধারণ চাষিরা দিশেহারা হয়ে পড়ছেন। অনেক সময় পুঁজির অভাবে প্রান্তিক চাষিরা মাছের যথাযথ পরিচর্যা করতে পারেন না, ফলে তারা লোকসানের মুখে পড়েন।
বক্তারা আরও জোর দিয়ে বলেন, শিবপুরে মৎস্য চাষের পরিধি আরও ব্যাপক করতে এবং প্রান্তিক চাষিদের নতুন করে উদ্বুদ্ধ করতে সরকারিভাবে সরাসরি আর্থিক সহায়তা বা সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ পেলে এই অঞ্চলের চাষিরা স্থানীয় চাহিদা মিটিয়ে জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মৎস্য চাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভার শেষ পর্যায়ে উপজেলার মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন সফল মৎস্য চাষি—এনামুল হক মৃধা, জামাল উদ্দিন ও শফিকুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।