স্টাফ রিপোর্টার : নরসিংদীর রায়পুরায় মহিলা মাদ্রাসার টিফিনের ফাঁকে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই বোনসহ ৪ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকার গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থীরা গোসলে নেমে প্রাণ হারায ৪ শিক্ষার্থী।
নিহত শিশু শিক্ষার্থীরা হলো- বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩ ), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও জান্নাত (৮)। নিহত অন্য একজনের নাম, ঠিকানা এখনো পাওয়া যায়নি। নিহতরা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে সকালে ক্লাস শুরু হয়। ক্লাস শেষে টিফিনের ছুটি শুরু হয়। ওই সময় ৬ জন শিশু শিক্ষার্থী মাদরাসার পার্শ্ববর্তী একটি বিলে গোসল করতে নামে। ওই সময় এক শিশু পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে পরপর ৫ জন পানিতে নামে। ওই সময় আরও ৩ শিশু পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী তাদের উদ্ধারে নামে।
এরপর ৩ শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওই ৩ শিশুর মরদেহ উদ্ধারের পর আরও ১ শিশুর মরদেহ পাওয়ার খবর পাওয়া গেছে। তবে, তার নাম ঠিকানা কিংবা পরিচয় এখনও পাওয়া যায়নি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, হাসপাতালে ৩ জনের মরদেহ পেয়েছি। শুনেছি আরও একজনের মৃত্যু হয়েছে। আমরা সেখানে যাচ্ছি।