• নরসিংদী
  • শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ;   ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে তরমুজের স্বাদ গ্রহণ থেকে বঞ্চিত নিম্নআয়ের রোজাদাররা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০৪ পিএম
নরসিংদীতে তরমুজের স্বাদ গ্রহণ থেকে বঞ্চিত নিম্নআয়ের রোজাদাররা
ছবি : জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম

স্টাফ রিপোর্ট : পবিত্র রমজানের তীব্র গরমে সারা দিন সিয়াম সাধনার পর এক ফালি রসালো তরমুজ রোজাদারদের মনে প্রশান্তি আনে। কিন্তু এবারের রমজানে নরসিংদীর বাজারে তরমুজের চিত্র যেন উল্টো। স্বাদে মিষ্টি হলেও দামের তেজে সাধারণ মানুষের কাছে এই ফলটি এখন রীতিমতো বিষাদে পরিণত হয়েছে। বিশেষ করে স্থানীয় বাজারে তরমুজের আকাশচুম্বী দামের কারণে নিম্নআয় ও শ্রমজীবী মানুষরা ইফতারের তালিকায় এই ফলটি রাখার সাহস পাচ্ছেন না। নরসিংদী বড় বাজার, ভেলানগর ও জেলখানা মোড়সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার তরমুজের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বাজারে এখন আর পিস হিসেবে তরমুজ বিক্রির চল নেই বললেই চলে, অধিকাংশ দোকানেই বিক্রি হচ্ছে কেজি দরে। মানভেদে প্রতি কেজি তরমুজ এখন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা দরে। ফলে মাঝারি আকারের ৫-৬ কেজির একটি তরমুজ কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা, আর একটু বড় সাইজের তরমুজের দাম ঠেকছে ৭০০ টাকার ঘরে। বাজারে কেনাকাটা করতে আসা রিকশাচালক আব্দুল মজিদ আক্ষেপ করে বলেন, 'সারাদিন রোজা রেখে মন চেয়েছিল তরমুজ দিয়ে ইফতার করতে, কিন্তু দোকানে গিয়ে দেখি, ছোট একটা তরমুজের দাম চায় ৪৫০ টাকা। সারাদিনে যা আয় করি তার সবটা দিয়ে একটা তরমুজ কিনলে পরিবার নিয়ে অন্য কিছু খাওয়ার উপায় থাকে না, তাই আমাদের মতো গরিবের জন্য তরমুজ এখন স্বপ্ন হয়ে গেছে।' 

অন্যদিকে খুচরা বিক্রেতাদের দাবি, তারা পাইকারি আড়ত থেকেই চড়া দামে তরমুজ কিনছেন। ভেলানগর বাজারের এক ফল বিক্রেতা আব্দুর রহিম জানান, আড়তে বেশি দামের পাশাপাশি পরিবহন খরচ ও অনেক তরমুজ নষ্ট হওয়ার কারণে তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, নয়তো লোকসান গুনতে হবে। তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, কেজি দরে বিক্রির এই নতুন প্রথাটি আসলে পকেট কাটার একটি বড় মাধ্যম। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও সিন্ডিকেটের কারণে দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে। স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং এবং কেজি দরে তরমুজ বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে এই রমজানে তরমুজের দাম সাধারণ মানুষের নাগালে আসতে পারে।

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ