• নরসিংদী
  • শনিবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নারী-শিশুসহ নিখোঁজ ৪


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৩৫ এএম
শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নারী-শিশুসহ নিখোঁজ ৪

স্টাফ রিপোর্টার : নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন—গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬), টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ তিনজন লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সাঁতার না জানা তিনজন পানিতে তলিয়ে যান। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে স্বজন সৌরভও নদীতে ডুবে নিখোঁজ হন।

পরে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করলেও কারও সন্ধান পাননি। খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে প্রবল স্রোতের কারণে অভিযান ব্যাহত হওয়ায় সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এলে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ চারজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। সকালে আবারও উদ্ধার কার্যক্রম শুরু হবে।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ