• নরসিংদী
  • শুক্রবার, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ;   ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে শিক্ষককের উপর হামলা, দুইজন আটক 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৬ এএম
শিবপুরে শিক্ষককের উপর হামলা, দুইজন আটক 

স্টাফ রিপোর্ট : প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায়  নরসিংদীর শিবপুর উপজেলার চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের  সহকারী শিক্ষক (ইংরেজি) মনজিল মোল্লার ওপর হামলা করে মারধর করেছে বহিরাগত বখাটে যুবকেরা। এতে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন ওই শিক্ষক।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের মূল ফটকের সামনে এই  সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা মাঠে  চলে  আসে এবং বিক্ষোভ শুরু করে। হামলাকারী দুই জনকে আটক করা হয়। শিবপুর মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের থানায় নিয়ে যেতে চায় ।

এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের গাড়ি ভাংচুর করে। শিক্ষার্থীদের এলোপাতাড়ি  ইট পাটকেল নিক্ষেপে শিবপুর মডেল থানা পুলিশের এসআই জামান, হাসানুজ্জামানসহ চার পুলিশ আহত হয়। হামলায় আটককৃত দুই জন হলেন শিবপুর  উপজেলার চক্রধা ইউনিয়নের পূবেরগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে রাশিদুল ইসলাম (২৬) একই গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমন(২০)। মজলিসপুর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে ইমরান (১৯) পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন, এসিল্যান্ড মু. আব্দুর রহিম, ওসি কোহিনূর মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, বিদ্যালয়ের সাবেক  সভাপতি সাবেক অধ্যক্ষ মো. মতিউর রহমান। পরে ইউএনও'র সুষ্ঠু বিচারের আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্ত হয় এবং আটককৃতদের বিকেল তিনটায় থানায় নিয়ে যাওয়া হয়। আহত শিক্ষক মনজিল মোল্লা জানান,স্কুলের গেটে তিন যুবক আমাকে বলেন, 'তাদের ভাইকে প্রাইভেট পড়াতে। আমি অস্বীকৃতি জানালে তারা আমার উপর ক্ষিপ্ত হয় এবং আমাকে এলোপাতাড়ি মারপিট করে। তাদের আঘাতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে খবর পেয়ে শিক্ষক, ছাত্র ও স্থানীয়রা আমাকে স্কুলের ভিতরে নিয়ে যায়।'

প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, 'সকাল এগারোটার দিকে অফিসে স্কুলের দপ্তরি দৌড়ে এসে বলেন, মনজিল স্যারকে স্কুল গেইটে  কে জেন মারতেছে। আমিসহ স্কুলের অন্যান্য শিক্ষকদের নিয়ে স্কুল গেইট থেকে মনজিল স্যারকে আহত অবস্থায় উদ্ধার করে অফিসে নিয়ে আসি।

এসময় তারা চলে যায়। সাথে সাথে শিক্ষক মুজাহিদ দপ্তরী খবির উদ্দিন একটি মোটরসাইকেল নিয়ে দ্রুত তাদের পিছনে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে আটক করে স্কুলে নিয়ে আসে। আমি বিষয়টি তাৎক্ষণিক ইউএনও স্যার, থানার ওসি ও গণ্যমান্য ব্যক্তিগনকে জানাই। এঘটনায় ইটপাটকলে নিক্ষেপে পুলিশের গাড়ি ভাংচুর হয় এবং পুলিশ আহত হয়। ইউএনও স্যারের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

বিদ্যালয়ের সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ মো. মতিউর রহমান জানান, 'খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় পুলিশের গাড়ি ভাংচুর হয় এবং পুলিশ আহত হয়। ঘটনাটি দুঃখজনক। শিক্ষকের উপর হামলা হামলার নিন্দা জানাই।' 

শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ইউএনও স্যারের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিক্ষকের উপর হামলার ঘটনার নিন্দা জানাই এবং বিচার দাবি করছি।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। আমাদের গাড়িতে হামলা করা হয়েছে। পুলিশ আহত হয়নি। থানায় তিন জনের নামে মামলা হয়েছে। দুই জন থানায় আটক রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার তাদের  আদালতে পাঠানো হবে। শিবপুর  উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন জানান , খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। দোষীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করার জন্য পুলিশকে বলা হয়েছে।'

 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ