স্টাফ রিপোর্টার : নরসিংদীর রায়পুরায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট সংলগ্ন ভাই ভাই স্টোরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিহত রফিকুল ইসলাম মুন্সি ওই এলাকার সাহারাজ খলিফার ছেলে। দোকানটিতে টাইলস, স্যানেটারি ও হার্ডওয়্যার মালামালের ব্যবসা করতেন তিনি। দোকানটি থেকে তাঁর বাড়ির দূরত্ব পাঁচ মিনিটের হাঁটাপথ।
নিহতের পরিবারের সদস্যরা বলছেন, সাধারণত রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যেই দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন রফিকুল। গতকাল রাত ১০টার পরও বাড়ি ফিরছিলেন না তিনি। মুঠোফোনে পরপর কল করেও তাঁর সঙ্গে কথা বলা যাচ্ছিল না। তারা দোকানে গিয়ে দেখেন, শাটার নামানো কিন্তু তালাবদ্ধ ছিল না। পরে ভেতরে ঢুকেই রফিকুলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের খবর পেয়ে সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার গলাসহ শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ছোপ ছোপ রক্তে ভেসে যায় ঘটনাস্থল। আজ সকাল থেকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, 'রাতে টহল টিমের মাধ্যমে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে দেখতে পাই ব্যবসায়ী রফিকুলের রক্তাক্ত মরদেহ তার দোকানের গোডাউনে পড়ে আছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আজ সকালে সিআইডি থেকে বিশেষ ক্রাইমসীন ইউনিট টিম এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এরপর মর্গে গিয়েও আলামত সংগ্রহ করবে। ঘটনাস্থলে ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।'