স্টাফ রিপোর্ট : নরসিংদী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এবং নরসিংদী জেলা বিএনপি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব তোফাজ্জল হোসেন ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পরে স্থানীয় জনগণ তাঁকে সংবর্ধনা প্রদান করেন।
বুধবার (১ এপ্রিল) সকালে তিনি নরসিংদী শহরে পৌঁছালে নরসিংদী-৩ আসনের এমপি মনজুর এলাহীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও শতাধিক সাধারণ মানুষ তাকে সংবর্ধনা জানাতে আসেন।
এ সময় স্থানীয়রা ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী বাসাইলস্থ নরসিংদী ক্লাব এলাকায় জড়ো হয়ে তাঁকে স্বাগত জানান। উপস্থিত জনতার উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরে সেখান থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবপুর উপজেলায় তাঁর নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বিভিন্ন স্থানে মানুষ দাঁড়িয়ে নবনিযুক্ত এই প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
তোফাজ্জল হোসেন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি নরসিংদী জেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।'
স্থানীয়রা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে নরসিংদী জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদারসহ উপজেলা,পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত নতুন করে দেশের বিভিন্ন জেলার ১৪ জন জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেন। এর মধ্যে তোফাজ্জল হোসেনকে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।