স্টাফ রিপোর্টার : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহিদদের প্রতি নরসিংদী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন নরসিংদী আন্তঃ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রথম প্রহরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সদ্য নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি সভাপতি মো. সারোয়ার হোসেন মৃধা সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতা সারোয়ার হোসেন মৃধার সাথে ছিলেন নরসিংদী জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ূন কবির কামাল, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ভিপি মনির হোসেন, অরবিট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী সুজন খন্দকার, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ, সেবাসংঘ মাইক্রো স্ট্যান্ডের সাধারণ সম্পাদক লিটন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণকালে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে ১০ সেকেন্ড নীরবতা দাঁড়িয়ে থাকেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় সারোয়ার হোসেন মৃধা বলেন, মায়ের ভাষার মর্যাদা রক্ষায় বাঙালির গৌরবময় স্মৃতি, সেই সঙ্গে বেদনা আর শোকের রক্তঝরা দিন অমর একুশে ফেব্রুয়ারি।
তিনি বলেন, সেইদিন যে চেতনায় উদ্দীপিত হয়ে বাঙালি রক্ত দিয়ে মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল, তা এখন বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর এক ঘোষণায় ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
সারোয়ার হোসেন মৃধা ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশপ্রেম ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।