স্টাফ রিপোর্টার : নরসিংদীতে চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের নিরাপত্তা এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখা। আজ বুধবার দুপুরে নরসিংদী জেলা সদর হাসপাতাল-এর প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী জেলা শাখার ড্যাবের সহ-সভাপতি আবদুল্লাহ আল মাসুম, সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদ ও সদর হাসপাতালে আবাসিক অফিসার (আরএমও) ফরিদা গুলশানআরা কবির।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ডা: প্রনব কুমার সাহা, সহসাংগঠনিক সম্পাদক ডা: রাকিবুল ইসলাম, সদস্য ডা: নাহিদ, ডা: ইমরান হোসেন, ডা: আশরাফুল ইসলামসহ হাসপাতালের কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
নরসিংদী জেলা শাখার ড্যাবের সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদ বলেন, শরীয়তপুরে চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলাসহ দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। তাই হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
নরসিংদী জেলা শাখার ড্যাবের সহ-সভাপতি আবদুল্লাহ আল মাসুম বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ সময় বক্তারা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।